২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

এ নিয়ে সিলেটে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 04:27 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

এক বছর পাঁচ মাস বয়সি শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালের দিকে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

পরিচালক বলেন, শিশুটির নাম রবিউল হাসান, তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। সে সন্দেহজনক হাম, ব্রঙ্কোনিউমোনিয়া এবং সেপটিক শক নিয়ে ভর্তি হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

এদিকে সোমবার থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে অতিরিক্ত পাঁচটি নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ যুক্ত করা হয়েছে। এখন হাম পিআইসিইউ ওসমানী হাসপাতালের ১০ ও শামসুদ্দিন হাসপাতালের পাঁচটি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭২ রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ এবং ওসমানী মেডিকেলে নয়জন চিকিৎসাধীন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে একজন রোগীর হাম শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের দুজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।