Published : 12 Nov 2025, 09:08 PM
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাজধানীর প্রবেশ পথ সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
বুধবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা প্রবেশের পথে বসানো এ চেকপোস্টে বাস-মাইক্রোবাস-প্রাইভেট কারসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায় সাভার মডেল থানা পুলিশ।
এ সময় যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের মুঠোফোনে কল লিস্ট ও ফটোগ্যালারি চেক করতেও দেখা গেছে।

চেকপোস্টে থাকা সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে এবং মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে।
“মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয় পত্র, মোবাইল ফোন চেক করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত চেকপোস্টে তল্লাশি চলবে। কোনো ব্যক্তি নাশকতা করতে পারেন, এমন সন্দেহ হলেই আটক করা হবে।”
সন্ধ্যায় তিনি বলেন, “এ পর্যন্ত সন্দেহভাজন চার জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর নেওয়া হচ্ছে “

শ্রমিকদলের নেতাকর্মীরা আশুলিয়ায় মহাসড়কে
আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউনকে’ ঘিরে নাশকতা এড়াতে আশুলিয়ায় মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকদলের নেতাকর্মীরা।
বুধবার বিকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নেন তারা। এ সময় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেলে করে শোডাউনও করেন তারা।
এ সময় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম বলেন, “আওয়ামী লীগের নাশকতা এড়াতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দল কঠোর অবস্থানে আছে। আমরা আওয়ামী লীগকে কোনো নাশকতাতো দূরের কথা, মাঠে নামতেই দিবো না। দলের জন্য যদি জীবন দিতে হলেও দিবো, তবুও পিছু হঠবো না।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের কার্যকরী সভাপতি সামাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাত্তার ভূঁইয়া ও শ্রমিকদল নেতা হাসমত মণ্ডল, লিটন গাজী।