২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ২০ দোকান

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 12:06 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার ভোরে উপজেলার রামগতি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে রামগতি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল-মাসুদ আলমের তেল ও গ্যাসের দোকান, জামাল উদ্দিন, দিদার ও ধনু মিয়ার তরকারির দোকান, নুরউদ্দিন ও ইব্রাহিম খলিলের মুদি দোকান, উত্তম সাহা ও রাশেদের হার্ডওয়্যার, যতনের সেলুন, মাওলানা জাহেরের কাজী অফিস ও মোল্লা হোটেল, তাহেরের চায়ের দোকান তাহের, আবদুল বাচেত, মাঈন উদ্দিন ও ছারোয়ারের ওষুধের দোকান, আমির হোসেনের জুতার দোকান, মা ভেটেনারি, হেলালের দোকান, নাহার মঞ্জিল, মা স্টুডিও।

স্থানীয়রা বলছেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে প্রথমে আগুন লাগে। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাকির হোসেন বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।

স্থানীয়দের ভাষ্য, আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে রামগতি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, ব্যবসায়ী মাসুদের দোকানে গ্যাস সিলিন্ডার হলে বিস্ফোরণ হলে ভয়াবহ এ আগুনের ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।