বান্দরবানে ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে
ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে দুপুরে স্থানীয়রা থানচি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে শিশুটির বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান থানচি থানার এসআই তৌফিক ইসলাম।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুপুরে স্থানীয়রা থানচি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার এজাহারে বলা হয়, শনিবার সকালে শিশুটি ওই কিশোরের ভাগনির সঙ্গে খেলতে তাদের বাসায় যায়। পরে দুপুরের দিকে তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটিকে প্রথমে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
