ফরিদপুরে বাগানের লিচু পেড়ে খাওয়ার প্রতিবাদ করায় মালিককে পিটিয়ে হত্যা
নিহত আজিজুর রহমান মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে।
ফরিদপুরের সালথা উপজেলায় বাগানের লিচু পেড়ে খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান।
নিহত আজিজুর রহমান মোল্যা (৬৫) উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে।
পুলিশ জানায়, আজিজুর রহমান মোল্যার লিচুর বাগান থেকে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর দুই ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সী লিচু পেড়ে খায়। বিষয়টি দেখে আজিজুরের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে ফুলবাড়িয়া বাজারে আকরাম মোল্যার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। ছেলেকে মারধরের খবর পেয়ে সন্ধ্যায় বাজারে যান আজিজুর রহমান মোল্যা। সেখানে তিনি ঘটনার কারণ জানতে চাইলে তার ওপর হামলা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
