সন্ধ্যায় বের হয়ে পরদিন ধান ক্ষেতে মিলল কিশোরের লাশ
নেত্রকোণার মদনে আগের দিন অজ্ঞাত দুই ব্যক্তির ডাকে ওই কিশোর বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা।
নেত্রকোণার মদন উপজেলায় আগের দিন সন্ধ্যায় দোকান থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার মাঘান রৌহা হাওরে ফসলি জমিতে লাশটি পাওয়া যায় বলে জানান মদন থানা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার।
নিহত মো. শাওন (১৬) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূঁইয়াটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার শাওন কদমশ্রী বিকাল বাজারে তার দাদার দোকানে বসে। সন্ধ্যায় দোকান থেকে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পায়নি। সকালে ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ পরিদর্শক দেবাংশু কুমার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
