২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় গেল ২ প্রাণ

ঘটনাস্থলেই একজনের, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় গেল ২ প্রাণ
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 11:16 AM

Updated : 26 Aug 2026, 11:53 AM

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, শনিবার গভীররাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরব (১৮) ও রনি (১৪)। দুজনই শেরপুর শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী ছিল বলে জানা গেছে।

ওই ল্যাবের মালিক শুভকে (২০) গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর আহত বাকিদের ভর্তি করা হয়েছে শেরপুর জেলা সদর হাসপাতালে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

“পরে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল এবং আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনির মৃত্যু হয়।”

আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেক আরোহী গৌরবের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মাধবী বলেন, “হাসপাতালে আহত অবস্থায় যাদের আনা হয়েছিল, তাদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।”

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ও যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি মো. জুবায়দুল আলম।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।