সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে: বদিউল আলম
বরিশালে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, “অতীতে একটা দলীয় সরকার ক্ষমতায় ছিল। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ছিল। এইবার নির্দলীয় একটা সরকার ক্ষমতায় আছে। নির্বাচন কমিশন দল নিরপেক্ষ। তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ।
“আমি যতটুকু জানি, সরকারের পক্ষ থেকে কাউকে জেতানোর জন্য তাদের দূরভিসন্ধি নেই। আমি আশা করছি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রত্যেকেই তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।”
সোমবার নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে সুজন বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বদিউল আলম বলেন, “তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই- ওই মানসিকতা থেকে যদি প্রার্থীরা সরে আসেন এবং তারা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করেন, কোনো রকম দ্বন্দ্ব-হানাহানি এবং কোনো ধরনের সহিংসতায় লিপ্ত না হন- তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমার মনে হয়, তখন আমাদের নির্বাচনি ট্রেনটা রেল স্টেশনে পৌঁছবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব সময় অভিযোগ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে কেন? আমাদের যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা ও দলগুলো তারা সদাচারণ করে না। তারা মারামারি ও অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয়।
“তারা যদি অন্যায় আচরণ থেকে নিজেদের দূরে রাখে এবং জনগণের রায় মেনে নেয় তাহলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে না। বলটা আমাদের রাজনৈতিক দলের কোর্টে।”
