‘টেলিভিশন দেখতে বেরিয়ে নিখোঁজ’, লাশ মিলল প্রতিবেশীর বাড়িতে
“এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
যশোরের চৌগাছা উপজেলায় তিনদিন আগে নিখোঁজ এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে।
উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রাম থেকে মঙ্গলবার সকালে উদ্ধার করা হয় বলে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন স্থানীয়দের বরাতে জানান।
নিহত ৪৮ বছর বয়সী রাবেয়া বেগম ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী এবং চার সন্তানের জননী।
চৌগাছা থানার ওসি পায়েল হোসেন স্থানীয়দের বরাতে বলেন, “রাবেয়া রোববার সন্ধ্যায় পাশের বাড়ি বাড়িতে টেলিভিশন দেখতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তাকে পাননি।
“সকালে রাবেয়ার মেয়ে তানজিলা খাতুন মাকে খোঁজাখুঁজি করছিল। এ সময় প্রতিবেশী তাজুল ইসলামের বাড়ির পাশে মায়ের ব্যবহৃত একটি জুতা ও ছোট টর্চ লাইট পড়ে থাকতে দেখেন।”
তিনি বলেন, “এরই সূত্র ধরে ওই বাড়ির টিউবওয়েলের পানি ফেলার গর্তে মায়ের ওড়নার কিছু অংশ ভেসে থাকতে দেখেন তানজিলা। পরে ওই গর্তে নেমে মায়ের নিথর দেহ খুঁজে পান। তার কান্নকাটির শব্দে আশেপাশের স্থানীয়দের খবর দেয়। পরে তারা থানায় খবর দেয়।”
পুলিশের এ কর্মকর্তা বলেন, “লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর ঘটনার পর থেকে রাবেয়ার প্রতিবেশী থেকে তাজুল ইসলামের পরিবার পলাতক রয়েছে।”
নিহতের ছেলে আলামিন বলেন, “গত ৪/৫ মাস আগে পাশের বাড়ির তাজুল ইসলামের ছেলে তামিমের সঙ্গে আমাদের ঝগড়া হয়। এ সময় তাজুলের ছেলে তামিম দা নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে এবং মাকে মেরে ফেলার হুমকি দেয়।”
এই হত্যায় তামিম ও তার পরিবারের লোকজন জড়িত বলে দাবি আলামিনের।
ঘটনাস্থল পরিদর্শন করেছ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমলান বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
