রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯
গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়িতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাপছড়িতে এ ঘটনা ঘটে বলে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান।
তিনি বলেন, “বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।”
বাসটিতে থাকা কয়েকজন যাত্রী জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিল। পথে সাপছড়িতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।
উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান বলেন, “এ ঘটনায় ১৯ আহত হয়েছেন।”
