২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতিথির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না’

বাগেরহাটে এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন একথা বলেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

অতিথি স্কুলে আসবেন আর সেজন্য ছোট ছোট বাচ্চাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন।

তিনি বলেছেন, “বিগত দিনে আমরা দেখেছি, একজন অতিথি আসবেন বলে রাস্তায় স্কুলের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রাস্তায় ছয়/সাত ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাচ্চারা অচেতন হয়ে পড়ে গেছে। আমাদের এসব মনোভাব থেকে সরে আসতে হবে। যাদের জন্য এগুলো করা হয় তাদেরও বলতে হবে এগুলো বন্ধ করার জন্যে।” 

শনিবার দুপুরে বাগেরহাটের প্রাচীন বিদ্যাপীঠ বাগেরহাট বহুমূখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “উন্নয়ন কাজের জন্য বিভিন্নভাবে তদবির হয়ে থাকে। অনেক সময় প্রভাবশালীদের চাপে কাজ করে দিতে হয়। এসব পুরনো সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।”

সকালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সচিব মোহাম্মদ মশিউর রহমান। সাবেক ও বর্তমান কয়েকশ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। পরে কেক কাটা হয়। 

অনুষ্ঠান উপলক্ষে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে দেড় হাজারের বেশি শিক্ষার্থী নিববন্ধন করেছেন। এদিন স্কুল প্রাঙ্গণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ করে ষাটের দশকের শিক্ষার্থী অধ্যাপক বুলবুল কবির বলেন, “১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা বলে শেষ করা যাবে না। এখানকার শিক্ষকরা অনেকেই এখন বেঁচে নেই। তারা ছিলেন মানুষ গড়ার সত্যিকার কারিগর। তাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তা কোনোদিন ভুলতে পারব না।” 

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও স্মৃতিচারণ সভায় আরও বক্তব্য দেন মো. ফরিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান ও বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।