Published : 18 Jul 2026, 12:36 AM
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মো. তামিম হোসেন মাহিন (৫) নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের মো. মামুনের ছেলে।
শুক্রবার বিকাল ৫টার দিকে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ প্লাবিত হলে শিশুটি নিখোঁজ হয় বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
পরবর্তীতে স্থানীয় মানুষের সহযোগিতায় বাড়ির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী বেগম বলেন, মাহিনের বাবা মামুন পেশায় ইজিবাইক চালক। চলতি বছরের মে মাসে মামুন মোল্লা গ্রামে এসে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। লঘুচাপের প্রভাবে কয়েক দিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়ে আসছে।
বিকালে মাহিনের মা তাহমিনা আক্তার শিশুকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাড়ির বাইরে যান। এ সময় শিশুটি ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।