২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সাবেক এমপি আলমগীর কবির ও ছালেক চৌধুরীর মনোনয়ন বৈধ

এ দুজনই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 11:43 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

নওগাঁয় অন্যান্য আসনে বিএনপি ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হলেও দুটি আসনে দুজনের প্রার্থিতা বৈধ হয়েছে। 

তারা হলেন- নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী এবং নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। 

এ দুজনই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হন। 

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 

এদিন এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না মেলা, যথাযথভাবে দলীয় মনোনয়ন প্রদান না করাসহ নানা অভিযোগে নওগাঁর ছয়টি আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছেন ৩৩ জন।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে নুরুল ইসলাম নিজেকে বিএনপির বললেও দলীয় মনোনয়নের কাগজ জমা না দেওয়ায় তিনি অবৈধ হন। 

মাহমুদুস সালেহীনের মনোনয়নপত্রে সমর্থনকারী এবং এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না থাকায় অবৈধ হয়েছেন। একই কারণে বাতিল হয়েছেন মো. সোহরাব হোসেন।

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মহাদেবপুর থানা বিএনপির সদস্য ও ২০১৮ সালে বিএনপির প্রাথী পারভেজ আরেফিন সিদ্দিকি জনির মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলায় এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেনের মনোনয়নপত্রের তৃতীয় অংশ পূরণ না করায় বাতিল হয়েছেন। 

তবে পারভেজ আরেফিন সিদ্দিকি জনি বলেন, তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলায় স্বতন্ত্র প্রার্থী মোসা. আরফানা বেগমের এবং ঋণ খেলাপীর তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ-৫ (সদর) আসনে মো. নজমুল হক নিজেকে বিএনপি প্রার্থী বললেও দলীয় কাগজ জমা দিতে পারেননি। তাই তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাতিল হওয়া প্রার্থীরা কাগজপত্র জমা দিয়ে আগামী চার দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।