অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছিলেন বাড়ি, সড়কে মৃত্যু পুলিশ সদস্যের
রিয়াজ কুমিল্লার লালমাই থানায় কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
কুমিল্লার লালমাই উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার মধ্যরাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান।
নিহত রিয়াজ উদ্দিন (৩১) চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
১৫ অগাস্ট তিনি লালমাই থানায় যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি পুলিশে যোগদান করেন।
নিহতের বাবা বেলাল হোসেন বলেন, “ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসার পথে দুর্ঘটনায় নিহত হয়। ছেলে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছে।”
লালমাই থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “রিয়াজ বাবার অসুস্থতার খবর শুনে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেন। রাতে মোটরসাইকেলে করে বাড়ি রওয়ানা দেন। পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আঘাত পান।”
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, “এমন মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা তার পরিবারের খোঁজ-খবর রাখছি।”
