রাজশাহীতে মদপানে কলেজ ছাত্রের মৃত্যু
দুই দিন আগে শখের বসে বন্ধুদের সঙ্গে মদ পানের পর থেকে জাহিদ অসুস্থ ছিলেন বলে জানায় পুলিশ।
রাজশাহী নগরে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস।
নিহত জাহিদ হাসান অলি (২০) রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি ভাড়া বাসায় বন্ধুদের সঙ্গে থাকতেন। তার বাড়ি তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।
চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, “ভোর ৬টার দিকে জাহিদকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা ক্রিটিকাল ছিল। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সকাল ৮টার দিকে তিনি মারা যান।”
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “জাহিদ নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদপান করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বিষয়টি পরিবারের কাছে জানাজানি হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি হননি।”
তিনি বলেন, ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা দ্রুত হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় বলে জানান ওসি রবিউল।
তিনি বলেন, এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন স্বজনরা।
