Published : 25 Jun 2026, 11:39 PM
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাজার করে দিতে বলায় এক গৃহবধূকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড় খানের পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন।
নিহত শিরিনা আক্তার (২৫) ওই এলাকার হাবিবুর রহমানের (৩৮) দ্বিতীয় স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুরের দুই বিয়ে করেছেন। দুই স্ত্রী আলাদা বাড়িতে বসবাস করেন। কয়েক দিন ধরে শিরিনাকে বাজার করে দেওয়ার কথা ছিল। কিন্তু বাজার করে দিচ্ছিলেন না হাবিবুর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।
ঘটনার দিন বিকালে হাবিবুর মাঠে জমিতে কাজ করছিলেন। এ সময় সেখানে যান শিরিনা। সেখানে বাজার করা নিয়ে দুজনের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর তার হাতে থাকা কোদাল দিয়ে শিরিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিরিনা মারা যায়।
পরে হাবিবুর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ পরিদর্শক মোজাম্মল হোসেন বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী হাবিবুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।