হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ১০ গাড়ি
আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, বলছে ফায়ার সার্ভিস।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে একটি বাসসহ দশটি গাড়ি পুড়ে গেছে।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ‘আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে’ ভোর ৫টার দিকে লাগা এ আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে নবীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান।
তিনি বলেন, “ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বিকট শব্দ হয়ে মুহুর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি শুরু করে।
“পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে একটি বাস ও নয়টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে যায়।”
আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
