কোটা: আন্দোলনকারীদের ভিডিও করায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
আন্দোলনে বাধা দিতে আসা ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে হলে নিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হলে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো. তামিম হোসেন ওই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্যও।
কলেজটির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা। কুমিল্লা নগরী সংলগ্ন ধর্মপুর এলাকায় কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করছিলেন।
সেখানে সংবাদ সংগ্রহে যান কলেজ সাংবাদিক সমিতির সদস্যরাসহ জেলার সাংবাদিকরা। তাদের সঙ্গে যুক্ত হন তামিম হোসেন।
শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিতে আসেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।
তারা তামিমকে ভিডিও করতে দেখে প্রথমে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তার ফোন ফেরত দেবে বলে হলের দিকে নিয়ে যান। এক পর্যায়ে তাকে হলের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তাকে মারপিট করা হয়।
এর দুই ঘণ্টা পর খবরটি জানতে পারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশ তামিমকে হল থেকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সাধারণ ছাত্রদের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত তামিম বলেন, “আমার থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোবাইল ফোন নিয়ে যান। পরে আমাকে নির্যাতন করে। তারা আমাকে বিভিন্ন হুমকি দেন। তাদের মারধরে আমার পুরো শরীর অবশ হয়ে গেছে।”
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান মোবাইল ফোনে বলেন, “আমি ঢাকায় রয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হলের প্রভোস্টকে বলা হয়েছে।”
শুক্রবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “কলেজের নজরুল হলে কয়েকজন ওই শিক্ষার্থীকে আটক করেছে বলে পুলিশের কাছে খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে শিক্ষকদের তত্ত্বাবধানে ওই শিক্ষার্থীকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হলটির প্রভোস্ট নজরুল ইসলাম বলেন, “পুলিশ হলে প্রবেশ করতে আমার কাছ থেকে অনুমতি নেয়। পুলিশকে বলেছি, ঘটনার অনুসন্ধান করেন। হলে যদি শিক্ষার্থীদের মারা হয়, তাহলে তদন্তে তা উঠে আসবে। আমরাও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
