ওসমানী বিমানবন্দরেও ব্র্যাকের জরুরি সহায়তা পাবেন বিদেশফেরতরা
‘প্রত্যাশা-২’ নামে একটি যৌথ প্রকল্পের আওতায় অন্তত ১০ হাজার মানুষ বিমানবন্দের সহায়তা পাবেন।
ঢাকা, চট্টগ্রামের পর এবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বেসরকারি উন্নয়ন সংস্থা-ব্র্যাকের জরুরি সহায়তা পাবেন বিদেশফেরতরা।
‘প্রত্যাশা-২’ নামে একটি যৌথ প্রকল্পের আওতায় অন্তত ১০ হাজার মানুষ বিমানবন্দের সহায়তা পাবেন। সেই সঙ্গে সাত হাজার ৭০০ জনকে দেশে ফিরে আয় করার সুযোগ তৈরি করে দেওয়া হবে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভার পর ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় ওসমানী বিমানবন্দরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, “অভিবাসনপ্রবণ জেলা হওয়ায় বিদেশ থেকে ফেরত আসার তালিকায়ও সিলেটের অনেক মানুষ আছেন। ঢাকার পাশাপাশি যেহেতু সিলেটেও অনেক ফ্লাইট আসে, তাই অনেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই ফেরত আসেন।
“বেসরকারি সংস্থা ব্র্যাক এখানে বিদেশ-ফেরতদের নানা জরুরি সহায়তা দিচ্ছে। বিমানবন্দরে কর্মরত সবাই এই তথ্য জানলে আরো বেশি মানুষ এই সেবা পাবেন। সমন্বিতভাবে কাজ করলে আরও বেশি মানুষকে সহায়তা করা যাবে বলে আমরা মনে করি।”
সিলেট জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, “প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি তারা যেন রেমিটেন্স বিনিয়োগের বিষয়ে সচেতন থাকেন, সেটা নিশ্চিত করতে শুধু অভিবাসীদেরকেই না, তাদেরদের পরিবারকেও সচেতন করে তুলতে হবে।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান।
তিনি বলেন, “ঢাকা-চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও বিদেশফেরতদের পাশে আমরা আছি। ব্র্যাক গত আট বছরে ৩৭ হাজারেরও বেশি মানুষকে বিমানবন্দরে জরুরি সহায়তা দিয়েছে। আমাদের অভিজ্ঞতায় মনে করি, বিদেশ-ফেরতদের সহায়তায় বিমানবন্দরে একটি কাঠামো বা এসওপি থাকা উচিত; যেখানে কার কী কাজ উল্লেখ থাকবে। আর শুধু জরুরি সহায়তা নয়, বিদেশ-ফেরতদের কাউন্সেলিং ও অর্থ সহায়তাও করছি আমরা।”
সিলেট বিমানবন্দরের কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শরিফুল বলেন, “সিলেট বিমানবন্দরে জরুরি সহায়তা আরও বিস্তৃত করতে আমরা প্রত্যাশা-২ নামে একটি প্রকল্পও বাস্তবায়ন করছি। এই প্রকল্পে অন্তত ১০ হাজার মানুষ বিমানবন্দরে সহায়তা পাবেন। পাশাপাশি সাত হাজার ৭০০ জন বিদেশ-ফেরত মানুষ যেন ফের দেশে আয় করতে পারেন, সেজন্য তাদেরকে ধাপে ধাপে সহায়তা করা হবে। সিলেটে যে কারো জরুরি সহায়তা প্রয়োজন হলে আমরা তার পাশে থাকব।”
অন্যদের মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রিয়াজ আহমেদ, উপপরিচালক (ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ, সাংবাদিক উজ্জ্বল মেহেদী অনুষ্ঠানে বক্তব্য দেন।
