মাগুরায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে মৃত্যু
পুলিশ জানায়, দারিয়াপুর ইউনিয়নের দুর্গাপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার শ্রীপুর উপজেলায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে এক দিনমজুর মারা গেছেন।
উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দুর্গাপুর মাঠে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মো. শাহিন মিয়া জানান।
নিহত সুরুজ মিয়া (৪০) পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার জয়রামপুর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলায় দিনমজুরের কাজ করতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা মুসাফির নজরুল বলেন, সুরুজ মিয়া মাঠে পেঁয়াজ তুলছিলেন। দুপুর ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে গুরুতর আহত হলে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
