গাইবান্ধায় বিএনপির দুপক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
সাদুল্লাহপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সমর্থকদের মধ্যে রোববার দুপুরে সাদুল্লাপুর শহরে এ ঘটনা ঘটে।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।
আহতদের মধ্যে সাংবাদিক শাকিল মিয়া, পথচারী মকবুল হোসেন ও বিএনপি নেতা সুলতান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত পুলিশ কনস্টেবল মোখলেছার রহমান, বিএনপি নেতা আ: মোত্তালেব হোসেন, আব্দুল হান্নান, মোশারফ হোসেন, রনি মিয়া ও রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বনগ্রাম ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের ‘পাঁয়তারা’ এবং জেলা বিএনপির সভাপতির অপসারণের দাবিতে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় একটি অংশ।
এই কর্মসূচিকে ঘিরেই সকাল থেকে দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে শহরে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
পরে স্বপনের সমর্থকরা শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের শহরের চৌমাথার দিকে যাওয়ার পথে স্থানীয় হাইস্কুলের সামনে পুলিশ আটকে দেয়।
পরে ওই এলাকায় ছামছুলের সমর্থকরা চলে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহত হয় একজন পুলিশ, একজন সাংবাদিক ও একজন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন।
এ সময় হামলা চালিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ও তার সামনে থাকা পাঁচ-ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ছামসুল হাসান ছামছুল বলেন, “বিভিন্ন অপকর্মের দায়ে সম্প্রতি বিএনপি, যুবদল ও ছাত্রদল থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মী জামায়াত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা করে। তারা দলীয় কার্যালয়ে ঢুকে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও পোস্টার ছিঁড়ে চেয়ার ভাঙচুর এবং অফিসের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।”
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, “নিরপেক্ষভাবে উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবিতে রোববার শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করাকালে ছামছুলের সমর্থকরা দলীয় কার্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে হামলা করার চেষ্টা করে।
“এ সময় পুলিশের বাঁধায় তারা ফিরে যায়। পরে বিক্ষোভ মিছিল বের করা হলে তারা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়।”
