Published : 03 Aug 2026, 07:51 PM
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার স্থানীয় জেলে মনু মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে মতিরহাট মাছঘাটের সারু মিয়ার আড়তে নিলামে বিক্রি হয়েছে বলে জানান আড়তদার মো. খোকন।
তিনি বলেন, “মেঘনা নদী থেকে মাছটি ধরার পর মনু মাঝি সেটি আড়তে নিয়ে আসেন। পরে নিলামে ছয় হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। একপর্যায়ে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।”
রিয়াজ বেপারী বলেন, “বড় ইলিশ এখন খুব একটা পাওয়া যায় না। বাজারে বড় ইলিশের চাহিদা ও দাম বেশি। তাই নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এটি চাঁদপুরে বাজারে নিয়ে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করার আশা করছি।”
কমলনগর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, “বর্তমানে নদীতে পাওয়া ইলিশের বেশিরভাগের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রামের মধ্যে। বড় ইলিশের সংখ্যা কম হওয়ায় এর চাহিদা ও দাম বেশি। আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।”