মাদক মামলায় ছিলেন জেলে, জামিনে বেরিয়ে হলেন খুন
অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
মাদক মামলায় তিন বছরের সাজা হয় নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মো. নয়নের। দশ দিন আগে জামিনে বেরিয়ে খুন হন তিনি।
মঙ্গলবার দুপুরে তক্কার মাঠ এলাকার মাওয়া সুপার মার্কেটের পেছনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
নিহত ৫০ বছর বয়সি নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার আব্দুল সালামের ছেলে।
পুলিশ বলছে, অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন নয়ন। পলিথিনে মোড়ানো অর্ধগলিত লাশের দুই পায়ের হাঁটু থেকে নিচের অংশ ছিল কাটা। শরীরের ওই অংশ পাওয়া যায়নি।
ওসি আনোয়ার বলেন, দুপুরে স্থানীয়রা ড্রামে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ড্রাম কেটে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
শুরুতে অজ্ঞাত হিসেবে মৃতদেহটি উদ্ধার হলেও পরে প্রযুক্তির সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানান তিনি।
প্রাথমিক তদন্তের বরাতে আনোয়ার বলেন, নয়নের বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। আদালতে ওই মামলায় তার তিন বছরের সাজাও হয়। নয়ন মামলাটিতে কয়েক মাস সাজা খাটার পর ১০ দিন আগে জামিনে বের হন।
“নয়ন দুই বিয়ে করেছেন। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের পেছনের রহস্য জানা যায়নি।”
এ ঘটনায় একটি হত্যা মামলা হবে বলে জানান ওসি আনোয়ার।
