বরিশালে সড়ক অবরোধ করে অপসোনিন শ্রমিকদের বিক্ষোভ
বেলা ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সড়কে অবরোধ করেন শ্রমিকরা।
দুই দফা দাবিতে বরিশাল নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ছাঁটাই হওয়া শ্রমিকরা।
শনিবার বেলা ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সড়কে অবরোধ করেন শ্রমিকরা। এ সময় ঢাকা থেকে আসা এবং ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, ঝালকাঠি ও পিরোজপুর যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে।
সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুরুতে পুলিশ সদস্যরা মহাসড়ক অবরোধে শ্রমিকদের বাধা দিতে চাইলেও বিক্ষোভের মুখে তারা সরে গিয়ে সড়কের একপাশে অবস্থান নেন।
শ্রমিকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী।
শ্রমিকদের দুই দফা দাবির মধ্যে রয়েছে- অন্যায় ও বেআইনিভাবে অপসো স্যালাইন ফার্মা থেকে পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল এবং অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা।
শ্রমিকরা জানান, ১ নভেম্বর থেকে বরিশাল নগরীর বগুড়া রোডে অপসো স্যালাইনের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাঁটাই হওয়া শ্রমিকরা। এ ছাড়া তারা সন্তানদের নিয়ে বিক্ষোভ, ভুখা মিছিল, জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান ও বরিশাল জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। কিন্তু বিষয়টি সমাধান না হওয়ায় মহাসড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকদের দাবি, ৪০ বছরের পুরনো এই শিল্পপ্রতিষ্ঠানে প্রায় এক হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সম্প্রতি প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন গঠনের পর থেকেই শ্রমিকদের উপর চাপ ও ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছিল।
২৭ অক্টোবর কারখানা বন্ধ রেখে শ্রমিকদের তিন দিন ছুটি দেওয়া হয়। এরপর ২৯ অক্টোবর থেকে শ্রমিকরা একে একে ছাঁটাইপত্র পাওয়া শুরু করেন। শ্রমিক ইউনিয়ন কার্যক্রম রুখতেই হঠাৎ ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।
তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসে পরিশ্রম করে আসছেন। প্রথমে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী। তাদের দাবি, আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে এক হাজার ২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এটা স্পষ্টভাবে শ্রমিকদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘ ১৭ দিন ধরে তারা আন্দোলন করছেন। বরিশাল জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের উদ্যোগে দাবির বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ দাবি মেনে নিচ্ছে না। ছাঁটাইকৃতদের পুনর্বহালের আগ পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন তিনি।
বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী বলেন, “সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়ভাবে ৫৭০ জন শ্রমিককে একযোগে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলন চললে অপসো স্যালাইন ফার্মা নেতৃবৃন্দ শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করেনি এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
তিনি জানান, বরিশালে নতুন জেলা প্রশাসক এসেছেন। তিনি আগামীকাল ডেকেছেন। তাই সড়ক অবরোধ থেকে সরে এসেছেন শ্রমিকরা। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।
কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। সাড়ে ৩টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ব্যাপারে জানতে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তা সাদিকুল ইসলাম দীপুকে মোবাইলে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।
