Published : 12 May 2026, 11:15 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ মাদক সেবন করছেন এমন একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়েছে।
সোমবার এক মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে আমির হোসেন সবুজ বসে আছেন। তার সামনে বসে একজন গ্যাস লাইটার জ্বালিয়ে তাকে মাদক সেবনে সহযোগিতা করছেন।
সবুজের বাম হাতে সিগারেট এবং ডান হাতে একটি পাইপ সাদৃশ্য বস্তু দিয়ে তিনি মাদক সেবন করছেন।
ভিডিওটি ছড়ানোর পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজস্ব মাধ্যমে ভিডিওর সত্যতা নির্ণয় করতে পারেনি।
মঙ্গলবার দুপুরে মোবাইলে যোগাযোগ করা হলে বিএনপি নেতা আমির হোসেন সবুজ বলেন, “২৩ বছর কারাভোগ করার পর পাঁচ বছর আগে জেলখানা থেকে বের হয়েছি। আগামী নির্বাচনে আমি শাহজাদপুর পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছি। এজন্য ষড়যন্ত্রকারীরা কেউ প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিও তৈরি করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।”
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, “আসন্ন পৌরসভা নির্বাচনে সে মেয়র পদে প্রার্থী হয়েছে। আরও অনেকে প্রার্থী হয়েছেন। এসব কারণে শক্রতাবশত কেউ আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল করেছে। ওই ভিডিওটি সত্য কিনা তা যাচাই-বাচাই ছাড়া বলা যাচ্ছে না।”