১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার আটক

১৭ বস্তায় প্রায় এক হাজার কেজি চালসহ ওই ডিলারকে আটক করে জনতা পুলিশে দেয়।

গাইবান্ধায় ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার আটক
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে আটক করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দ চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকায় ১৭ বস্তা (প্রায় এক হাজার কেজি) চালসহ ওই ডিলারকে আটক করে জনতা পুলিশে দেয় বলে সাঘাটা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম জানান। 

আটক ওই ডিলারের নাম মোহাম্মদ আফজাল হোসেন। তিনি বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে আফজাল হোসেন বোনারপাড়া সরকারি খাদ্য গুদাম থেকে ওএমএস কর্মসূচির ১৭ বস্তা চাল উত্তোলন করেন। পরে ওই চাল খোলাবাজারে বিক্রির জন্য বোনারপাড়া কলেজ মোড় এলাকায় নিয়ে যান। 

কিন্তু তিনি খোলাবাজারে বিক্রি না করে চালগুলোর বস্তা পরিবর্তন করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালসহ ডিলারকে আটক করে। 

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম বলেন, ডিলারকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। 

সাঘাটা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।