১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ২ ভাইকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডের পাশাপাশি রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 04:09 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

সিরাজগঞ্জের চৌহালীতে জমির ওপর পানির ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে বিরোধে দুই ভাইকে হত্যার দায়ে তিনজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান।

মৃত্যুদণ্ডের পাশাপাশি রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-চৌহালী উপজেলার চর কোঁদালিয়া উত্তরপাড়ার আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাসির উদ্দিন (৪০), তার বড় ভাই শহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই গ্রামের শমেস আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।

মামলার বিবরণে বলা হয়, “জমির ওপর দিয়ে পানির ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে চর কোঁদালিয়া গ্রামের আন্তাব আলীর সঙ্গে একই এলাকার শহিদুল ইসলাম সাচ্চার কথা কাটাকাটি হয়। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকালে আন্তাবের ছেলে কাওসার আলী পূর্ব কোদালিয়া গ্রামের তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষ নাসির উদ্দিন তাকে মারধর করার চেষ্টা করেন।

“ওই সময় কাওসার ওই বাড়ির একটি ঘরে আশ্রয় নিয়ে ঘটনাটি মোবাইল ফোনে বাড়ির লোকজনকে জানায়। এরপর আন্তাব ও তার বড় ছেলে মিল্টন ঘটনাস্থলে যান। তখন কাওসার ঘর থেকে বের হলে আসামিরা কাওসার ও মিল্টনকে লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তাদের মৃত্যু হয়।”

এ ঘটনার পরদিন নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে পেশকার মনোয়ারুল জানান।