নরসিংদীতে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা
তিনি ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মরজাল এলাকার কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে বলে রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
জুলাই আন্দোলনে নরসিংদী কারাগারে হামলার সময় তিনি কারাবন্দি অবস্থায় পালিয়ে যান। হত্যাকাণ্ডের আগে তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন বলে জানা গেছে ৷
পুলিশ ও স্থানীয় বলছে, সকালে একটি স-মিলের পাশে রক্তাক্ত অবস্থায় অপুর মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহটির পরিচয় সনাক্ত করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সোমবার রাতের কোনো এক সময় অপুকে কুপিয়ে হত্যা করে হত্যাকারীরা লাশ ফেলে গেছে বলে ধারণা এলাকাবাসীর।
ওসি মুজিবুর বলছেন, “নিহতের মাথায় মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিল তিনি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”
