হবিগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে ২ জনের মৃত্যু
তারা সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।
হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার ভরপূর্ণি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান।
নিহতরা হলেন- ওই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার ছেলে ফরহাদ মিয়া।
পুলিশ জানায়, সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ ও জমসেদ। তখন ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের উপর পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন।
তাদেরকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
