প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুরকে না রাখার দাবি
এ দাবিতে ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
এরপর ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, কয়েক দিন আগে সরকার নতুন দুটি বিভাগ করার ঘোষণা দিয়েছে। একটি ফরিদপুর ও অন্যটি কুমিল্লা। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। তবে এমন ঘোষণার পর প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুরের কয়েকটি সংগঠন।
২০১৫ সালে ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুরকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার দাবিতে আন্দোলন করেছিল ‘জাগো শরীয়তপুর’। এবারও একই দাবিতে তারা রাস্তায় নামে।
এ দাবিতে কয়েক দিন ধরে সংবাদ সম্মেলন, বিক্ষোভ, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
দুপুর ১২টার দিকে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পরে চৌরঙ্গী মোড়ে সড়কের ওপর অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবির, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, আর ফরিদপুর তুলনামূলক অনেক দূরে। এ জেলার নাগরিকদের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজ ঢাকাকেন্দ্রিক। তাই ঢাকার সঙ্গেই থাকতে চায় শরীয়তপুরবাসী।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
ঢাকা বিভাগে যুক্ত থাকতে চেয়ে ‘জাগো শরীয়তপুর’ এর আহ্বায়ক আমিন মোহাম্মদ বলেন, “ভৌগোলিক অবস্থান ও দূরত্বের দিক থেকে ঢাকার কাছে শরীয়তপুর। এ জেলাকে কোনো অবস্থাতেই ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত হতে দেওয়া হবে না। দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান করেছিল। পরে আমাদের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেন।”
