Published : 09 Feb 2026, 12:46 AM
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান।
নিহত রফিকুল ইসলাম (৫০) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। তিনি এলাকায় বিচার সালিস করতেন।
স্বজন ও স্থানীয়রা জানান, রাতে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় ওত পেতে থাকা লোকজন তাকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। পরে রফিকুলের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বলেন, “তাৎক্ষণিকভাবে হত্যার সঠিক কারণ এবং কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে শুনেছি, আগেই একই এলাকার দুটি পরিবারের বিরোধ ছিল।
“ধারণা করা হচ্ছে, এর জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনা পুরোপুরি জেনে বিস্তারিত জানানো হবে।”