২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্স চালকদের সড়ক অবরোধে রোগীর দুর্ভোগ, লাশ নিতেও অপেক্ষা

অবৈধ পার্কিংয়ের কারণে জরিমানা করায় ময়মনসিংহে সড়ক অবরোধ করেন অ্যাম্বুলেন্স চালকরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 10:05 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ময়মনসিংহে অবৈধ পার্কিংয়ের কারণে জরিমানা করায় সড়কে অ্যাম্বুলেন্স রেখে বিক্ষোভ করেছেন চালকরা। এ কারণে রোগী ও সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েন। 

সোমবার দুপুরে নগরীর চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবরোধের কারণে সড়কের বেশ কিছু এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।  

পুলিশ ও অ্যাম্বুলেন্স চালকরা জানান, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি অ্যাম্বুলেন্সকে জরিমানা করা হয়। এর প্রতিবাদে দুপুর ২টা থেকে সড়ক অবরোধ করেন অ্যাম্বুলেন্স চালকরা। তারা সড়কে আড়াআড়িভাবে অ্যাম্বুলেন্স রেখে দেন। 

এতে চরপাড়া মোড় থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় হেঁটে অনেককে গন্তব্যে যেতে দেখা যায়। বিকাল ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অ্যাম্বুলেন্স চালক মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশের পক্ষ থেকে সড়কের পাশে দাঁড়ানোর জন্য জায়গা দেওয়া হলেও এখন নতুন প্রশাসন জায়গা দিচ্ছে না। বরং ভ্রাম্যমাণ আদালত চালিয়ে গাড়ি জব্দ ও মামলা দিচ্ছে। 

তিনি বলেন, “আজও এক চালক রাস্তায় অল্প সময় দাঁড়ালেও মামলা দিয়ে তাকে আটক করে নেওয়ার চেষ্টা করা হয়।” 

অ্যাম্বুলেন্স শ্রমিক সমিতির সাবেক সহসম্পাদক মো. সজীব বলেন, তাদেরকে হাসপাতালের ভেতর ও বাইরে অ্যাম্বুলেন্স রেখে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। সড়কে অ্যাম্বুলেন্স রাখলে মামলা দিচ্ছে, গাড়ি পুলিশ লাইনসে নিয়ে যাচ্ছে। ঈদের আগে থেকে এই অবস্থা চলছে। আজকেও এ ধরনের ঘটনা ঘটলে শ্রমিক ও মালিক সবাই মিলে গাড়ি বন্ধ করে দিয়েছেন। 

তিনি বলেন, “অ্যাম্বুলেন্স রাখার স্থায়ী জায়গা না দিলে আমরা গাড়ি চালাব না। সব অ্যাম্বুলেন্স বন্ধ থাকবে। হাসাপাতাল এলাকায় একশর বেশি অ্যাম্বুলেন্স আছে।”

হালুয়াঘাট উপজেলা থেকে অসুস্থ মাকে অটোরিকশায় করে নিয়ে আসেন এরশাদ মিয়া। অবরোধে যানবাহন চালাচল করতে না পারায় হাসপাতালের গেইটে এসে দ্রুত অবরোধ ছেড়ে দেওয়ার আকুতি জানান তিনি। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেনি।  

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দুই ঘণ্টা ধরে অসুস্থ মাকে নিয়ে আটকে আছি। অ্যাম্বুলেন্স সড়কে রাখতে না দেওয়ায় সড়ক আটকে দিয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।”

শেরপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের আনোয়ারা খাতুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মায়ের লাশ ট্রলিতে রেখে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করছিলেন দুই ছেলে ও স্বজনরা।

আনোয়ারা খাতুনের ভগ্নিপতি মঞ্জু বেপারী বলেন, “হাসপাতালেন ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আনোয়ারা খাতুন দুপুর ১টার দিকে মারা যান। পরে হাসপাতালের ওয়ার্ড থেকে নিচে লাশ নিয়ে এসে দেখি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে। লাশ নিয়ে বসে আছি।”

বিকাল ৪টা পর্যন্ত মায়ের মরদেহের পাশে বসে ছিলেন ছোট ছেলে মো. আলীম। আর বড় ছেলে আনার আলী মায়ের লাশ কিভাবে বাড়ি নেবেন সে জন্য দিগ্‌বিদিক ছুটছিলেন। 

আনার আলী বলেন, “অ্যাম্বুলেন্স না পাওয়ায় লাশ নিতে পারছি না। কীভাবে লাশ নেব সে নিয়ে চিন্তা করছি।”

অ্যাম্বুলেন্স চালক মো. মোজাম্মেল হক বলেন, “আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সময় নিয়েছে। সিটি করপোরেশন ও পুলিশ আলোচনা করে আমাদের জায়গা দেবে। তাই বিকাল পৌনে ৫টা থেকে আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি।”

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান বলেন, “আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। অবরোধের প্রায় তিন ঘণ্টা পর অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হয়।”