বরিশাল-৪: ‘জামায়াতের বহিরাগত’ নিয়ে শঙ্কা বিএনপির রাজীবের
জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল জব্বার বলেন, “এটা মিথ্যা ও কাল্পনিক অভিযোগ।”
নিজের আসনে ‘জামায়াতে ইসলামী বহিরাগত কর্মী এবং সন্ত্রাসীদের আনাগোনা’ নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী রাজীব আহসান।
ভোটের আগের দিন বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, “মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট থানা নিয়ে বরিশাল-৪ আসন। এর এক পাশে বরিশাল-৫ এবং আরেক পাশে বরিশাল-৩ আসন। বরিশাল-৩ ও ৫ আসনে জামায়াতের কোনো প্রার্থী নেই।
“এই দুই আসনের নেতাকর্মী, সঙ্গে কিছু সন্ত্রাসী ঢুকে বরিশাল-৪ আসনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তথ্য রয়েছে। এ নিয়ে শঙ্কায় রয়েছি।”
তিনি বলেন, “বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হয়েছে। তিনিও বিষয়টি স্বীকার করে বলেছেন, তার জানানোর আগে তিনি এ তথ্য পেয়েছেন। পুলিশ ও প্রশাসন, বিশেষ করে সিভিল প্রশাসনে যারা রয়েছেন বিষয়টি সিরিয়াসলি দেখবেন সেই অনুরোধ রাখছি।”
ধানের শীষের প্রার্থী বলেন, “রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত করেছেন। আমরাও আশ্বস্ত হতে চাই, বিষয়টি নিয়ে কী অ্যাকশন নেওয়া হয়, তা পর্যবেক্ষণ করব।”
তিনি বলেন, বরিশাল-৪ আসনে পাঁচজন প্রার্থী। এর মধ্যে দুজন প্রার্থী এ বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। বাইরে থেকে যারা আসছেন, তারা তাদের নিজেদের আসনে ভোট রেখে আমাদের আসনে নিশ্চয়ই ভালো কাজের জন্য আসছেন না।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল জব্বার বলেন, “এটা মিথ্যা ও কাল্পনিক অভিযোগ। এখানে অন্য কোনো আসনের নেতাকর্মীরা আসেননি।”
