পঞ্চগড় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ বন্দি
এ ছাড়া কারাগারের ৫৫ কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন।
পঞ্চগড় জেলা কারাগারের ১৮ জন বন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন; যাদের মধ্যে ১২ জন কয়েদি এবং ছয়জন হাজতি।
পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এ জেলায় মোট আট হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার দুই হাজার ১৩০ এবং পুরুষ ভোটার পাঁচ হাজার ৯৩৯ জন।
ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি ১৬ জন পঞ্চগড়ের বাসিন্দা। সব ভোটারই পুরুষ, কোনো নারী ভোটার নেই।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চগড় জেলা কারাগারে মোট ৩৫৬ জন বন্দি আছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে আটজন নারী এবং ছয়জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে কারাগার থেকে ৫৫ কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন।
৩৭ বছরের চাকরিজীবনে এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারাগারের দায়িত্বে থাকা হাবিলদার মেরাজুল ইসলাম।
পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম বলেন, “পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
