ব্রহ্মপুত্রে নৌকাডুবি: কিশোরগঞ্জে ১৯ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
একদিন আগে নৌকাডুবির ঘটনায় ওই ছাত্রীর বড় বোনের লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শনিবার দুপুরে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেরিবাঁধ এলাকায় থেকে কিছুটা দূরে মৃতদেহটি ভেসে ওঠে বলে জানান কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ।
নিহত ফারিয়া রহমান নীহা (০৯) কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে শুক্রবার বিকালে নীহার বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) লাশ উদ্ধার করা হয়। নীলা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নীলা ও নীহার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ বলেন, দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে লাশটি ভেসে ওঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। এর আগে শুক্রবার বিকালে নৌকাডুবির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, নীপা আক্তার তার দুই মেয়ে নীলা ও নীহাকে নিয়ে নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নীপা আক্তারকে (৪০) উদ্ধার করেন। পরে নীলার মৃতদেহ উদ্ধার করা গেলেও নীহাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের ১৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীতে ভাসমান অবস্থায় নীহার লাশ পাওয়া যায় বলে জানান ইউএনও।
একসঙ্গে দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:
