১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে নৌকা ডুবিতে কলেজ ছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

নিহতের মা নীপা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার ছোট বোন। 

শুক্রবার বিকালে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান। 

নিহত কাশ্মীরা রহমান নীলা আক্তার (১৭) সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ বলেন, নীলা, তার মা নীপা আক্তার (৪০) ও ছোট বোন নীহা আক্তার (৯) নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বেড়িয়েছিল। হঠাৎ নৌকা ডুবে গেলে তিনজনই পানিতে তলিয়ে যান। 

পরে নীলার মরদেহ উদ্ধার করা হয়। তার মা নীপা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ বলেন, নীহা আক্তারের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।