Published : 26 Aug 2026, 11:03 AM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
রায়হান নামের ২২ বছর বয়সি ওই যুবক ওই গ্রামের আবুল হোসেন ও রীণা বেগমের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
পরিবার জানায়, রায়হান বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি বেকারিতে কেক তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।
রায়হানের বড় ভাই রাকিব বলেন, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন রায়হান। মঙ্গলবার সকালে প্রতিদিনের মত কর্মস্থলে যান তিনি। ঘণ্টাখানেক পর স্ত্রীর ফোন পেয়ে বাড়ি ফিরে আসেন।
রাকিব দাবি করেন, একপর্যায়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে রায়হান নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দরজা ভেঙে রায়হানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায় বলে জানান রাকিব৷
বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি৷