সিলেটে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গেল বাইক আরোহী দুই ভাইয়ের প্রাণ
তারা পরীক্ষা শেষ করে কলেজ থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বলে জানায় পুলিশ।
সিলেটের গোয়াইনঘাটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী দুই ভাইয়ের প্রাণ গেছে।
বুধবার দুপুরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।
নিহত রিফাত আহমেদ কিবরিয়া (১৯) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ও আবু সুফিয়ান (১৯) একই বাড়ির ফরিদ উদ্দিনের ছেলে।
সম্পর্কে চাচাত ভাই কিবরিয়া-সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রাদের বরাত দিয়ে ওসি সরকার তোফায়েল বলেন, গোয়াইনঘাট কলেজ থেকে পরীক্ষা শেষ করে কিবরিয়া ও সুফিয়ান বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সতি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সুফিয়ানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ানও
মারা যান।”
ওসি আরো বলেন, “লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন আছে।”
নিহত কিবরিয়ার চাচা আতিকুর রহমান সাংবাদিদের বলেন, গত সোমবার রাতে প্রসবের বেদনা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মারা গেছেন ভাবি; মঙ্গলবার রাতে মারা গেছেন মা। দুদিনে দুজনের জানাজা শেষে দাফন করি। বুধবার জোহরের মায়ের জানাজা শেষে খবর পাই দুই ভাতিজা কিবরিয়া ও সুফিয়ান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার মারা গেছে।”
