নারায়ণগঞ্জ ও রাঙামাটিতে বজ্রপাতে তিনজনের মৃত্যু
আড়াইহাজার ও বন্দর উপজেলায় দুজন এবং লংগদু উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ ও রাঙামাটিতে বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর উপজেলায় দুজন এবং রাঙামাটির লংগদু উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- বন্দর উপজেলার কাজীপাড়া গ্রামের আফজাল মিয়ার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মো. নিরব (১৪), আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামের উকিল উদ্দিনের ছেলে মোকাররম মোল্লা (৪৫) এবং লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী তানজিনা আক্তার (২০)।
নিহত নিরবের পরিবার জানায়, দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে নিরব। এসময় বজ্রপাতে আহত হয় সে। তাকে মদনপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বৃষ্টির সময় বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মোকাররম। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।”
পরে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের লোকজন নিয়ে যান বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন।
রাঙামাটির লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন তানজিনা আক্তার।
স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
