২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ইটভাটা বন্ধ হলে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মালিক ও শ্রমিকরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মালিক ও শ্রমিকরা। 

রোববার বেলা ১২টায় জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।

পরে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষের স্মারকলিপি গ্রহণ করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিয়া আফরিন।

মালিক ও শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে শ্রমিকসহ ইটভাটা নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। এ ছাড়া জেলার ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়ন কাজ ব্যাহত হবে।

স্মারকলিপিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তির সুযোগ দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম এবং মাজেদুর রহমান বক্তব্য দেন। 

দাবিগুলো নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে পাঠানোর কথা বলেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন।