২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শেরপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫ আসামি গ্রেপ্তার

৫ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা কারাগারে দুষ্কৃতিকারীদের আক্রমণের পর পাঁচ শতাধিক বন্দী পালিয়ে যান বলে জানায় র‌্যাব।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক।

গ্রেপ্তাররা হলেন- জেলা শহরের খরমপুর মহল্লার প্রয়াত ইন্তাজ আলীর ছেলে বিক্রম বিষু (৪৫), একই মহল্লার জামশেদ আলী ছেলে রুবেল মিয়া (৩৬), খোরশেদ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০), আজগর আলীর ছেলে আলামিন (৪২) এবং নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি গ্রামের প্রয়াত আকবর আলীর ছেলে স্বপন মিয়া (২৯)।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের খরমপুর মহল্লায় অভিযান চালিয়ে ডাকাতির মামলার আসামি বিক্রম বিষু, রুবেল মিয়া এবং মাদক মামলার আসামি আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

একইদিন আলাদা অভিযান চালিয়ে শহরের শেরি ব্রিজ এলাকা থেকে মাদক মামলার আসামি আলামিন এবং নালিতাবাড়ীর দক্ষিণ নাকশি এলাকা থেকে হত্যা মামলার আসামি স্বপন মিয়াকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং সাজা পাওয়া ও বিচারাধীন বিভিন্ন মামলার পাঁচ শতাধিক বন্দীকে পালিয়ে যেতে সহায়তা করে।

এ ঘটনার পর শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের সরবরাহ করা পলাতক হাজতি ও কয়েদিদের তালিকা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন খবর পেয়ে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেল পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১৪ জানিয়েছে।