ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র হত্যা মামলায় রিমান্ডে
বুধবার পঞ্চগড়ের বোদা উপজেলার থানাপাড়া এলাকা থেকে সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলায় ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচারিক হাকিম নিত্যানন্দ সরকার আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান।
পুলিশ জানায়, বুধবার ঠাকুরগাঁও সদর থানায় হত্যা মামলাটি করেন ঠাকুরগাঁওয়ের আরাজি পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে জাকির হোসন।
মামলায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়। এ হত্যা মামলার ৩৭ নম্বর আসামি ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
মামলার পর পরই পঞ্চগড় জেলার বোদা উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা শাহজাহানের বাড়ি থেকে সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে তোলা হয়। রোববার সেই রিমান্ডের শুনানি হয়।
