দেড় ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন বাগেরহাট শহর, বোরো ধানের ক্ষতির শঙ্কা
চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।
বাগেরহাটে মাত্র দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে শহরজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বুধবার সকালের এই টানা বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়কসহ নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় মাঠের বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠের পাকা ধান নুয়ে পড়ায় বোরো ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ।
বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. মোতাহার হোসেন বলেন, “বুধবার সকাল সাড়ে ৯টায় হঠাৎ করে ঝড়ো হওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে টানা দেড় ঘণ্টা চলে। এই দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“এতে মাঠের পাকা ধান ঝড়ে ও ধান গাছ নুয়ে পড়েছে। এতে মাঠের বোরো ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।”
এদিকে বৃষ্টিতে শহরের রেলরোড, স্টেডিয়াম সড়ক, বাসাবাটী, মেইন রোড এবং খান জাহান আলী সড়কসহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়।
ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় দীর্ঘ সময় পানি জমে থাকছে; ফলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
রেলরোডের বাসিন্দা মানিক লাল সামন্ত বলেছেন, “বৃষ্টি হলেই শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়।”
নাছিমা আক্তার নামের আরেক বাসিন্দা বলেন, “পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না থাকায় বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। চলাফেরায় দারুণ সমস্যায় পড়তে হয়।”
ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন বাসিন্দারা।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বাগেরহাট পৌরসভার প্রশাসক ফকরুল হাসান বলেন, “পানি নিষ্কাশনের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে পৌরসভার সাড়ে ৫ কিলোমিটার ড্রেন প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে।
“ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পুরো কাজ শেষ হলে বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।”
বাগেরহাট জেলায় চলতি মৌসুমে ৬৮ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. মোতাহার হোসেন।
তিনি বলেন, “মাঠের ধান পেকে গেছে; কাটাও চলছে। জেলার ২১ ভাগ ধান ইতোমধ্যে কৃষক কেটে ঘরে তুলেছে।”
