২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতা’: কুড়িগ্রামে আওয়ামী লীগের আরও ১১ জন গ্রেপ্তার, মোট ৬২

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

কুড়িগ্রামে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চার দিনে জেলায় মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে চার দিনে মোট ৬২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

২৪ ঘণ্টায় গ্রেপ্তার আসামিরা হলেন- রাজিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম মিন্টু (৪৫), নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান (৪৫), নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল রব্বানী সজিব (৩৮), সন্তোষপুর ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আতাউর রহমান মিলন (৩০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম (৫০), রাজারহাট ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (৪৮), কচাকাটা কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া (৪২), চর রাজিবপুর কোদালকাটি ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি মো. আব্দুর রশিদ (৬৪), চিলমারী উপজেলা কৃষকলীগের সহসভাপতি সিদ্দিকুল ইসলাম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৫) ও সহসভাপতি কৃষকলীগ মো. ওলি আহম্মেদ (৪৮)।