২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন ১৬ মাস পর

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২১ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপুরের ফয়েজ।

জুলাই আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন ১৬ মাস পর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ফয়েজের লাশ উত্তোলন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 08:37 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

আদালতের নির্দেশে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. ফয়েজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

মামলার তদন্তের স্বার্থে দাফনের এক বছর চার মাস দুই দিন (১৬ মাস) পর তার মরদেহ উত্তোলন করা হয় বলে জানান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। 

সোমবার দুপুরে রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ফয়েজের লাশ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী হাকিম নিগার সুলতানা ছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এসআই কাজী আবুল বাশার উপস্থিত ছিলেন।

আবুল বাশার বলেন, ফয়েজের বাবা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। এতে আদালত মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতেই লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।

মৃতদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

‎

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২১ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন ফয়েজ। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ২২ জুলাই জানাজা শেষে ফয়েজের লাশ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।