২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

একজনকে বাঁচাতে গিয়ে আরেক শিশু পানিতে ডুবে যায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 07:59 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

যশোরের মনিরামপুর উপজেলায় বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে বলে জানান রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কামাল হোসেন।

নিহত দুই শিশু হল- ১১ বছর বয়সী হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান ও সাত বছর বয়সী অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন। 

পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে পারখাজুরা বাঁওড়ে শাপলা তুলতে যায় জিসান ও ইয়াসমিন। পরে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা বাঁওড় থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন।

হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, জিসান ও ইয়াসমিন ওই মাদ্রাসার ইবতেদায়ী শাখার শিক্ষার্থী ছিল। জিসান চতুর্থ শ্রেণিতে এবং ইয়াসমিন প্রথম শ্রেণিতে পড়ত।