২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডিম ‘মজুত’: বিক্রেতা-কোল্ড স্টোরেজকে জরিমানা

দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 09:18 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

বরিশাল নগরীতে একটি কোল্ড স্টোরেজ ও সেখানে ডিম মজুত করার দায়ে ছয় পাইকারি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে বলে অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান। 

নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ড স্টোরেজ ছাড়াও জরিমানা দেওয়া ডিম বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো হল- শুক্কুর অ্যান্ড সন্স, মায়ের দোয়া, ভাই ভাই স্টোর, মুনসুর অ্যান্ড সন্স, ফারুক স্টোর, এমদাদুল স্টোর।

ইন্দ্রানী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌথভাবে চালানো অভিযানে ওই কোল্ড স্টোরেজে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুত পাওয়া যায়। পরে ডিম মজুতকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। 

পরে ৬ পাইকারি বিক্রেতাকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং হাঁসের ডিম ৭ দিন ও মুরগি ডিম তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম হিসেবে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তনু কোল্ড স্টোরেজটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোল্ড স্টোরেজটি নতুন করা হয়েছে। তাই তারা এখনো লাইসেন্স নেয়নি। তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার নির্দেশ দিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”