১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মাঝনদীতে হঠাৎ করে স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে নদী পার হতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী নিখোঁজ হন।

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
হৃদয় খানও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2025, 02:50 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সাতবারিয়ায় এলাকায় পদ্মা নদী থেকে  তাদের মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন সুজানগর থানার ওসি মজিবুর রহমান।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে সাতবারিয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। এক পর্যায়ে ঘুরতে যাওয়া ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। 

মাঝনদীতে হঠাৎ করে স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে নদী পার হতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার থেকেই উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তাদের সন্ধান মেলেনি। 

পরে শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হলে ১০টার দিকে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকমল হোসেন বলেন, “মৌ আমাদের প্রাক্তন শিক্ষার্থী, এখান থেকে এইচএসসি শেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিল। 

“অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের মেয়েটি এভাবে চলে যাওয়ার খবরে আমরা খুবই মর্মাহত।”

ওসি মজিবুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়, পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট হস্তান্তর করা হয়।