নোয়াখালী ও গাজীপুরে মাজার ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোগ
মাজার ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নোয়াখালী ও গাজীপুরে দুটি মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কিছু লোক।
নোয়াখালী পৌরসভার লক্ষ্মী-নারায়ণপুর এলাকার ফকির চাড়ু মিজি শাহ্ (র.) মাজারে (দরগাহ বাড়ির মাজার) শুক্রবার সকাল ৯টার দিকে হামলা চালানো হয়।
অপরদিকে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় দুপুরে শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজারে ভাঙচুর-লুটপাটের পর তাতে অগ্নিসংযোগ করা হয়েছে।
নোয়াখালীর সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাবজেল আহমেদ এবং গাজীপুর মহানগর পুলিশের (সদর জোনের) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটছে। কোথাও কোথাও আগে থেকে প্রস্তুতি নিয়ে ও ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে মাজারে হামলা চালানো হচ্ছে।
যদিও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মী-নারায়ণপুর দরগাহ বাড়িতে প্রায় ২৫০ বছর আগে চাড়ু মিজি শাহ্ নামের এক সাধুকে দাফন করা হয়েছিল। পরবর্তীকালে তার দাফনস্থান ঘিরে মাজার তৈরি করেন ভক্তরা। প্রতিবছর সেখানে মাসব্যাপী ওরস ও মেলার আয়োজন করা হয়। যদিও সেখানে বছরের বাকি সময়জুড়ে বড় পরিসরে কোনো কার্যক্রম চালানো হত না।
ফকির চাড়ু মিজি শাহ্ (র.) মাজার কমিটির সভাপতি ও নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের বলেন, “সকালে মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ছেলে মো. বিজয়ের নেতৃত্বে ১৮-২০ জনের একদল লোক মাজারে হামলা চালিয়ে কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দিয়েছে।”
তিনি দাবি করেন, “বিজয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে এখন বলে বেড়ায়, তারা নাকি দেশ স্বাধীন করেছে। বিজয়কে জিজ্ঞেস করলে সে বলে, মাজার বেদাত, তাই এটা ভাঙচুর করা হয়েছে।”
মাজারটি পুনরায় সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে আবু নাছের বলেন, “আমাদের মাজারে বছরে একবার দেশীয় পণ্যের মেলা হয়। এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। আমরা তিলে তিলে মাজারের নামে প্রায় এক একরের মতো জায়গা কিনেছি।”
অভিযোগের বিষয়ে জানতে বিজয়ের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাবজেল আহমেদ বলেন, “মাজার ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে মাজার ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে অনেকেই এ ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছেন।
এদিকে দুপুরে গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় ফসিহ উদ্দিন মাজারে ভাঙচুর-লুটপাটের পর আগুন লাগিয়ে দিয়েছে একদল লোক। তারা মাজারের সীমানা প্রাচীর, পাকাভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছে।
ফসিহ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষক বলেন, “জুমার নামাজের পর পর কয়েকশ লোক ভাড়া করা একটি বুলডোজার নিয়ে এখানে আসে। তাদের হাতে লাঠিসোঁটা, শাবল ও রড ছিল। তারা আল্লাহু-আকবর ধ্বনি দিয়ে মাজারে হামলা চালায়।
“তারা মাজারের পাকা সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূলভবন গুড়িয়ে দিয়েছে। পরে সেখানে তারা অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে।”
ওই শিক্ষক বলেন, “আশির দশকের দিকে পোড়াবাড়ি বাজারের অদূরে (দক্ষিণে) ওই মাজার গড়ে ওঠে। মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাড়াও সেখানে ফসিহ উদ্দিন দাখিল মাদরাসা ও মসজিদ রয়েছে। এ মাজার তথা ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকায় চলে এসব মসজিদ-মাদরাসার খরচ।”
মাজারে হামলাকারীদের একজন বলেন, “মাজার শিরক। এখানে বেদাতি, মাদক সেবনসহ নানা অনৈস্লামিক কাজ হয়। তাই এলাকার মানুষজন পরামর্শ করেই মাজার গুড়িয়ে দিয়েছে।”
গাজীপুর মহানগর পুলিশের (সদর জোন) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ছাড়া সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”
