Published : 27 Jun 2026, 07:09 PM
চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমে সাপ্তাহিক ছুটির দিনও ব্যাংকিং সেবা চালু থাকায় আমের কেনাবেচা ও টাকা লেনদেন সহজ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী, আড়তদার ও চাষিরা।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক নির্দেশনায় জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার আমবাজার-সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার খোলা থাকবে।
শনিবার সকালে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাজার-সংলগ্ন ব্যাংক শাখায় লেনদেন চলতে দেখা যায়। সদরঘাট আমবাজারের ব্যবসায়ী স্বরূপ কুমার মণ্ডল বলেন, “ছুটির দিনেও ব্যাংকে লেনদেন করতে পারছি। এতে সপ্তাহে একটি বাড়তি কার্যদিবস পাওয়া যাচ্ছে।”
একই বাজারের আড়তদার মো. গিফারী বলেন, শনিবার ব্যাংক খোলা থাকায় লেনদেনের সুবিধা হচ্ছে।
শিবগঞ্জের বিনোদপুর বাজারের আড়তদার মো. দবির উদ্দিন বলেন, “আম মৌসুমে ব্যাংক বন্ধ থাকলে লেনদেনে সমস্যা হয়। শনিবার ব্যাংক খোলা থাকায় ব্যবসা পরিচালনা সহজ হয়েছে।”
কানসাট আমবাজারের আড়তদার মো. ভাসানী বলেন, “টানা দুই দিন ব্যাংক বন্ধ থাকলে বাইরের ব্যবসায়ীরা সময়মত টাকা পাঠাতে পারেন না। শনিবার ব্যাংক খোলা থাকায় সেই সমস্যা কমেছে।”

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আমচাষি মুনজের আলম বলেন, “সিদ্ধান্তটি ইতিবাচক। তবে দেশের বিভিন্ন স্থান থেকে যারা আম কিনতে আসেন, তারা যেন সহজে অর্থ লেনদেন করতে পারেন, সে বিষয়েও ব্যাংকগুলোর সমন্বয় প্রয়োজন।”
উত্তরা ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন শর্মা বলেন, আমের মৌসুমে জেলায় ব্যাংকিং লেনদেন বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শনিবার শাখা খোলা রাখায় গ্রাহকরা সহজে টাকা জমা ও উত্তোলন করতে পারছেন।
বাংলাদেশ ব্যাংক বলেছে, আমের মৌসুমে নগদ টাকার সরবরাহ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ টাকা সংরক্ষণের ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।